Views: 3

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটকের পর গ্রেপ্তার হওয়া ২৪ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর সহযোদ্ধারা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তাঁরা জামিন পান।
-খবর তোলপাড়।
দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে দলটির কার্যালয় ঘিরে রাখেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী নাশকতার ষড়যন্ত্র করছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয় থেকে দুই শতাধিক নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। পরে যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাঁদের কারাগারে পাঠানো হয় এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়।
জাসদের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে একজন ওই কার্যালয়ের নিচে অবস্থিত একটি দোকানের কর্মচারী। তাঁর পিতার নামের বানানে ভুল থাকায় জামিন পাওয়ার পরও তিনি মুক্তি পাননি। এক দিন পর তিনি মুক্তি পেতে পারেন বলে আশা প্রকাশ করেছে দলটি।
এ ছাড়া গাজীপুর মহানগর জাসদের দুই নেতার জামিন আবেদনের শুনানি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন তাঁরা দুজনই জামিন পাবেন বলে আশাবাদ জানিয়েছে দলটি।