Views: 2

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।-খবর সংবাদদাতা, মৌলভীবাজার।
বুধবার (২১ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলীয় হাইকমান্ডের নজরে এসেছে। এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শ্যামলী সূত্রধরকে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং সিলেট বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শ্যামলী সূত্রধর বলেন, ‘দলের এই আকস্মিক সিদ্ধান্তে আমি অত্যন্ত মর্মাহত। এই মুহূর্তে মানসিক পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে বিশদ কোনো মন্তব্য করা আমার জন্য কঠিন। দল এবং সহকর্মীদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা সর্বদা রয়েছে। সময় হলে এবং পরিস্থিতি বিবেচনা করে খুব শিগগিরই আমি আমার অবস্থান সংবাদমাধ্যমের সামনে তুলে ধরব।’