Views: 1

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ঢাকা।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।-খবর তোলপাড়।
বিবৃতিতে বলা হয়, নেপালের পরিস্থিতির ওপর বাংলাদেশ গভীরভাবে নজর রাখছে। দেশটিতে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।
আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে এই কঠিন সময়ে নেপাল সরকার ও বন্ধুত্বপূর্ণ নেপালি জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বাংলাদেশ জানিয়েছে, নেপালের চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য বলছে, এখনো ৪০৩ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ৬১ জন নেপালি নাগরিক এবং ৩৪১ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।
ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশি নাগরিকরা অন্তত ২৬টি দেশের। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন।