পিএম সৈকত:
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমিসেবা মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(১৯মে) দুপুর ১২টায় প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সামিউর রহমান।
কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কপিল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সমকাল ও আরটিভি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দিনকাল সাংবাদিক আনিছুর লিটন, সকালের সময় পত্রিকার সাংবাদিক আসাদুর রহমান শিমুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা । এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ভূমি অফিসের কর্মচারী এবং ভূমি সেবা গৃহীতারা উপস্থিত ছিলেন। পরে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এর আগে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে রাজারহাট উপজেলাসহ সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাজারহাট উপজেলা ভূমি অফিস ভার্চুয়ালি (লাইভ সংযোগের মাধ্যমে) অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণ করেন।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, রাজারহাট উপজেলা ভূমি অফিসসহ সাত ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আজ ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবারে সর্বোচ্চ করদাতাকে ক্রেস্ট সম্মননা প্রদান করা হবে।
ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ষধহফ.মড়া.নফ সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।