চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগের ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।-খবর তোলপাড়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাগুলোও যথারীতি চলবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা এবং ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী স্থগিত থাকবে।
এর আগে রোববার দুপুরে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, টানা বৃষ্টির কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। পাশাপাশি দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সব শিক্ষা বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা গ্রহণ বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো এলাকায় পরীক্ষা স্থগিত করতে হলে তা পরবর্তীতে আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে।