Views: 0

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২ ডিসেম্বর থেকে এই পুনঃপরীক্ষার প্রস্তাব করেছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি। তাদের ফল প্রকাশ করা হবে আগামী ৩১ ডিসেম্বর।-খবর তোলপাড়।
আন্ত শিক্ষা বোর্ড থেকে গত শনিবার এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। যেহেতু বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। তাই শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা পেলেই ২ ডিসেম্বর থেকে বোর্ডগুলো পুনঃপরীক্ষার সূচি ঘোষণা করবে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৩ নভেম্বর থেকে পুনঃপরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড, যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্ন প্রণয়নের কাজ চলবে।
গত শনিবার সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার এইচএসসি ও সমমনা পরীক্ষায় মোট ফেল করেছে পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী। যার মধ্যে এক বিষয়ে ফেল করেছে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন। আর দুই বিষয়ে ফেল করেছে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এক ও দুই বিষয় মিলিয়ে আমাদের পরীক্ষা নিতে হবে চার লাখ ২২ হাজার ৯০৫ জনের।
ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘তাদের পরীক্ষা আমরা এক মাসের মধ্যে নিয়ে নেব, যেন তাদের আগামী দিনে একটি বছর নষ্ট না হয়।’
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। পাস করতে পারেনি পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।