Views: 0

পিএম সৈকত:
পাঁচ মেয়েকে নিয়ে অভাবের সংসার। নেই নিজের জমি, নেই স্থায়ী আয়ের কোনো উৎস। জীবিকার তাগিদে ধান কাটার মৌসুমে মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খুঁজে মাটি খুঁড়ে বের করতে হয় জমিয়ে রাখা ধান। সেই ধান দিয়েই কোনো রকমে চলে সংসার। কুড়িগ্রামের রাজারহাটের ৫৮ বছর বয়সী বিধবা মুন্নি বেগমের জীবনের গল্প এটি। তাঁর এমন দুর্দশার খবর প্রশাসনের কাছে পৌঁছালে পাশে দাঁড়ানো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শনিবার তাঁকে উপহার দেওয়া হয়েছে বাছুরসহ একটি গাভি। এতে নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মুন্নি বেগম।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার পর কুড়িগ্রাম সার্কিট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে মুন্নি বেগমের হাতে বাছুরসহ গাভীটি তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
মুন্নি বেগম রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা। স্বামীহারা এই নারী পাঁচ মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। ফলে ধান কাটার মৌসুমে অন্যের জমিতে পড়ে থাকা ধান কিংবা ইঁদুরের গর্তে জমিয়ে রাখা ধান সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করতে হয় তাঁকে।
মুন্নি বেগমের জীবনসংগ্রামের এমন খবর জানতে পেরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বিষয়টি জেলাপ্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে অবহিত করেন। পরে জেলাপ্রশাসক ও ইউএনওর পরামর্শ এবং উদ্যোগে বিষয়টি ত্রাণমন্ত্রীর নজরে আসে। এরই ধারাবাহিকতায় অসহায় এই নারীর জীবিকার অবলম্বন হিসেবে তাঁকে বাছুরসহ একটি গাভি উপহার দেওয়া হয়।
গাভি পেয়ে আবেগাপ্লুত মুন্নি বেগম বলেন, ‘অভাবের সংসারে এতদিন অনেক কষ্ট করে দিন পার করেছি। কখনোই ভাবিনি এভাবে কেউ আমার পাশে দাঁড়াবেন। গাভীটি পেয়ে আমি খুব খুশি হয়েছি। এখন গাভীর দুধ বিক্রি করে সংসারের খরচ চালাতে পারব, পাশাপাশি পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদাও পূরণ হবে। গাভীটি আমার সংসারে নতুন আশার আলো হয়ে এসেছে। মন্ত্রীসহ যারা আমাকে এভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

গাভি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলাপ্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।