Views: 1

পিএম সৈকত:
মেধা আছে, আছে পড়াশোনার অদম্য আগ্রহ; কিন্তু আর্থিক সীমাবদ্ধতায় অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবনই থমকে যাওয়ার আশঙ্কা থাকে। এমন শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি এবং শিক্ষার পথ সুগম করার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক শিক্ষাবৃত্তি পরীক্ষা। ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)-এর উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ইবতেদায়ি মাদ্রাসার ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দেড় ঘণ্টাব্যাপী বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতির এ পরীক্ষায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এ বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য শুধু মেধা যাচাই নয়, বরং মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের শিক্ষাজীবনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। পরীক্ষায় নির্বাচিত ট্যালেন্টফুল শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাব্যয় বহনে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান ও সনদ দেওয়া হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাজিদ শাহ সিয়াম। তিনি বলেন, মেধাভিত্তিক এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যেসব শিক্ষার্থী প্রতিকূলতার মধ্যেও ভালো ফলাফল ও মেধার স্বাক্ষর রাখছে, তাদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাব্যয় বহনে সহায়তার পাশাপাশি সাধারণ বৃত্তিপ্রাপ্তদের আর্থিক অনুদান ও সনদ দেওয়া হবে।
রাজারহাট ইসলামি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. শোহায়বুর রহমান এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে সহায়ক। একই সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পায়।
এ বিষয়ে অভিভাবক মো. রেজাউল করিম রেজা বলেন, শুধু মেধা যাচাই নয়, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগটি বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা এ ধরনের সহায়তা পেলে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ পাবে।
পরীক্ষা শেষে নিজের অনুভূতি জানায় রাজারহাট ইসলামি মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রাফিউ করিম। সে জানায়, পরীক্ষা দিতে তার ভালো লেগেছে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছে এবং বৃত্তি পাওয়ার ব্যাপারে সে আশাবাদী।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম বলেন, ‘ফাইট আনটিল লাইট’ (ফুল) নামের একটি বেসরকারি সংস্থা শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ, মনোযোগ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।