রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
প্রহলাদ মন্ডল সৈকত:
‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজারে তরুণের অভিযান গ্রন্থাগার’র আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বই পাঠের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন সকাল ১১টায় গ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে বৈদ্যের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে গ্রন্থাগার চত্বরে গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুণের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নিগমানন্দ রায়, গ্রন্থাগারিক সুভা রায়, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম ও পাঠক সিমা রায় প্রমূখ।
বক্তারা বলেন-‘বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে পাঠাগার হতে পারে কার্যকর মাধ্যম।’
শেষে বই পাঠের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তরুণের অভিযান গ্রন্থাগারের নিয়মিত পাঠক প্রিয়াংকা রানী বলেন, গ্রামের মধ্যে এমন একটি পাঠাগার থাকায় আমরা অবসর সময়ে এসে বই পড়ার সুযোগ পাচ্ছি। এতে আমাদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ছে।
গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুণ বলেন- তরুণ প্রজন্মকে বইমুখী করতেই এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে নিয়মিত পাঠকের সংখ্যা বাড়ছে। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে গ্রন্থাগারটির কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।









Chief Editor-Dipali Rani Roy