নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নাগরিকদের দুর্বল রেখে কোনোভাবেই রাষ্ট্রকে শক্তিশালী করা সম্ভব নয়। একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে নাগরিকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগ এবং প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।-খবর তোলপাড়।
ভাষণে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের রূপরেখা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মূল ভিত্তি হলো নাগরিকদের সরাসরি ভোটাধিকার। এই অধিকার স্থানীয় পরিষদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, ক্ষমতা যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের হাতে কুক্ষিগত থাকে, তাহলে রাষ্ট্র কখনোই শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে না।
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বিপুল পরিমাণ অর্থ পাচার বন্ধ করা গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বেকার ভাতার মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে অর্থের কোনো সংকট থাকবে না। পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে এনে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রশাসন পরিচালনার বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। এমন একটি রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি, যেখানে শাসকগোষ্ঠী নিজেদের মালিক মনে না করে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে শাসকগোষ্ঠী সরকারি পদ ও পদবি ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হয়েছে।
দেশ পরিচালনায় বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। বিএনপির রাজনৈতিক লড়াই কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানকে দলীয়করণের হাত থেকে মুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বলেও তিনি জানান।
ভাষণের শেষাংশে দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বেকারত্ব দূরীকরণ এবং মেধার যথাযথ মূল্যায়ন বিএনপির প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।









Chief Editor-Dipali Rani Roy