১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি
বাংলাদেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সোমবার (২৭ এপ্রিল) ঘণ্টায় ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় বিভিন্ন নদীবন্দরে ১ ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।-খবর তোলপাড়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রবৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর তীব্র প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বজ্রপাতের ঝুঁকিও রয়েছে। কয়েকটি জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ ও দমকা হাওয়ার প্রবণতা দেখা গেছে। এতে কালবৈশাখীর আশঙ্কা আরও জোরালো হয়েছে।
পূর্বাভাসে বিশেষভাবে বলা হয়েছে, ঝড়ের সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের এই সময়ে এমন ঝড়ো পরিস্থিতি স্বাভাবিক হলেও কোথাও কোথাও এর তীব্রতা বেশি হতে পারে। তাই কৃষক, জেলে ও নদীপথের যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy