Views: 1

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। ‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ডাকসেবা সপ্তাহ পালন করবে ডাক অধিদপ্তর।-খবর তোলপাড়।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী এবং ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচলিত ডাকব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবাপ্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। গ্রাহকবান্ধব ডাক ও লজিস্টিকস সেবা সম্প্রসারণের মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ই-কমার্স পণ্য পরিবহন, ডিজিটাল পদ্ধতিতে পার্সেলের অবস্থান শনাক্তকরণ, পণ্য সংগ্রহ ও সরবরাহ এবং ফুলফিলমেন্ট সেন্টার স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালুর উদ্যোগও রয়েছে।
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল পরিবহনের সুবিধা থাকায় এ সেবা ই-কমার্স প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইন ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ডাকসেবার পরিধি বাড়ানোর এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ এবং দেশের পণ্য পরিবহন ব্যবস্থায় ডাক অধিদপ্তরের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।