Views: 1

পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।-খবর তোলপাড়।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য জানান।
প্রশ্নে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার বিষয়ে সরকারের কাছে থাকা তথ্য জানতে চাওয়া হয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, গত পাঁচ বছরে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইনে মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত অভিযান চালানো হয়। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারও ব্যবহার করা হয়ে থাকে বলে জানান তিনি।