সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ফুলবাড়ীর ২টি তরতাজা প্রাণ
সংবাদদাতা, কুড়িগ্রাম:
রংপুরের কাউনিয়া উপজেলায় ঢাকাগামী একটি নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই যুবক। রোববার (১১ মে) রাত ১১টার দিকে বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার বেলাল হোসেন (৩৭) ও কবির মামুদ গ্রামের মোটরসাইকেল মেকানিক সঞ্জয় কুমার রায় (২৫)। বেলাল হোসেনের রয়েছে তিন কন্যা সন্তান এবং সঞ্জয়ের রয়েছে আঠারো মাস বয়সী এক কন্যা। এই দুই তরুণের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত সঞ্জয়ের স্বজনরা জানান, রোববার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বেলালকে নিয়ে মোটরসাইকেলে মালামাল কিনতে রংপুরে যান সঞ্জয়। ফেরার পথে বড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ‘শাহ আলী’ পরিবহনের দ্রুতগতির নাইট কোচের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই নিহতদের স্বজনরা কাউনিয়ার উদ্দেশ্যে রওনা হন এবং সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণ করে বাড়িতে নিয়ে যান।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, “ঘটনাটি কাউনিয়া উপজেলায় ঘটেছে, আমরা বিষয়টি শুনেছি।”
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, “মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বাসটি উল্টে পাশে পড়লেও কোনো যাত্রী হতাহত হননি। সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।”









Chief Editor-Dipali Rani Roy