মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কেরালায় মস্তিষ্কখেকো জীবাণুর আক্রমনে প্রাণ গেল ১৭ জনের

প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী মস্তিষ্কখেকো জীবাণু। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই জীবাণুতে আক্রান্ত হয়েছেন ৫২ জন, তাদের মধ্যে মারা গেছেন ১৭ জন।

কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে সর্বকনিষ্ঠের বয়স মাত্র ৩ মাস এবং সর্বজ্যেষ্ঠের বয়স ৫২ বছর। আক্রান্তদের মধ্যে নারী ১৯ জন ও পুরুষ ৩৩ জন।-খবর তোলপাড়।

চিকিৎসা বিজ্ঞানে মস্তিষ্কের কোষক্ষয়ের এই রোগটি পরিচিত প্রাইমারি অ্যামোয়েবিক মেনিনগোএনসেফালাইটিস (প্যাম) নামে। নায়েগ্লেরিয়া ফাউলেরি নামের এককোষী অ্যামিবা এই রোগের জন্য দায়ী। অপরিষ্কার পুকুর, নদী, কুয়া কিংবা পর্যাপ্ত ক্লোরিনবিহীন সুইমিংপুলে বংশবিস্তারকারী এই জীবাণু নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে আক্রমণ করে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অ্যামিবা মানুষ থেকে মানুষে ছড়ায় না এবং লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে না।

দেহে জীবাণু প্রবেশের পর প্রথম সপ্তাহে জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, বমি বমি ভাব, বমি ও ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। দ্বিতীয় সপ্তাহ থেকে খিঁচুনি, হ্যালুসিনেশন ও শারীরিক ভারসাম্য হারানোর মতো জটিলতা শুরু হয়। চিকিৎসা ছাড়া অধিকাংশ রোগী প্রথম সপ্তাহেই মারা যান।

চিকিৎসা ও রোগজীবাণু বিশেষজ্ঞদের মতে, প্যাম বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রোগগুলোর মধ্যে। এই রোগে আক্রান্তদের মৃত্যুর হার ৯৭ শতাংশ। তবে কেরালায় এখন পর্যন্ত এই হার বিস্ময়করভাবে কম— ২৪ শতাংশ।

২০২৪ সালে প্রথম এই অ্যামিবা শনাক্ত হয় কেরালায়। সে বছর রাজ্যের কোজিকোড়, মালাপ্পুরাম এবং কান্নুর— তিন জেলায় কয়েকজন ব্যক্তি এই অ্যামিবার জেরে সৃষ্ট রোগ প্যামে আক্রান্ত হন।

রোগটি নিয়ন্ত্রণে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে কেরালার সরকার। সেসবের প্রায় সবই জনসচেতানতামূলক। সরকার থেকে দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, লোকজন যেন অপরিষ্কার পুকুর, নদী কিংবা বদ্ধ কোনো জলশয়ে স্নান বা সাঁতার না কাটেন, হাত-মুখ ধোয়ার সময় যেন অবশ্যই ফোটানো কিংবা ফিল্টার পানি ব্যবহার করেন। পুকুর, নদীতে স্নান করার সময় নাকে পানি ঢোকা রুখতে যেন নোজ ক্লিপস ব্যবহার করেন।

সেই সঙ্গে এই রোগের প্রাথমিক উপসর্গগুলো শুরু হলে যত শিগগির সম্ভব হাসপাতালে আসার আহ্বানও জানানো হয়েছে সরকারি নির্দেশনায়।

সূত্র : গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর