যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানি ১১ জনের
যুক্তরাষ্ট্রে একের পর এক তুষারঝড় ও তীব্র শীতে দেশজুড়ে জীবন বিপন্ন হয়ে উঠেছে। বিভিন্ন অঞ্চলে বরফ ও শীতল বৃষ্টির কারণে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু ঘটেছে। এই তাণ্ডবের কারণে দেশটির অষ্টাধিক অঙ্গরাজ্যে ৮ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী— ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসসহ ১৫টি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা পুরু তুষারে ঢাকা পড়েছে। একই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক অঞ্চলে তুষারপাতের সঙ্গে বরফ-শীতল বৃষ্টি শুরু হয়েছে।-খবর তোলপাড়।
আবহাওয়া দপ্তর ইতোমধ্যেই শীতকালীন সতর্কতা জারি করেছে, যার আওতায় রয়েছেন ১৮ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে না। এছাড়া, খুব জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অতি কঠিন আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রবিবার একদিনে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারির পর এই প্রথম একদিনে এত বেশিসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে।
সূত্র : সিএনএন, এনবিসি









Chief Editor-Dipali Rani Roy