Views: 1

ভোরের আলো ফোটার আগেই উত্তপ্ত হয়ে ওঠে শরীয়তপুরের নাওডোবা এলাকা। টায়ার জ্বালিয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, শত শত ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগে তছনছ হয়ে যায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের আশপাশের এলাকা।-খবর সংবাদদাতা, শরীয়তপুর।
বিএনপির সমাবেশস্থলে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সাড়ে ৫টার দিকে জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা তাঁবু টাঙিয়ে অবস্থান করছিলেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। এরপর বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিভিন্ন স্থানে ভাঙচুরের পাশাপাশি বিএনপির সমাবেশস্থলে থাকা অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়া পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামে একটি খাবার হোটেল এবং বাসস্ট্যান্ড এলাকার একটি টংঘরে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইব্রাহিম সেপাহি ও নিজামউদ্দিন মৃধা। নিহত ইব্রাহিম সেপাহি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে। অন্যদিকে নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।
ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, বিক্ষোভকারীরা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। এ ঘটনায় আলামত উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেশীয় অস্ত্র হাতে লোকজনকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে এবং ধারাবাহিক ককটেল বিস্ফোরণে এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়তে দেখা যায়।