স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেল স্ত্রীরও
সংবাদদাতা, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলায় স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্ত্রীও।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, সাতক্ষীরা তালা উপজেলার লক্ষণপুর গ্রামের কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃতের ভাতিজা অপূর্ব দাশ বলেন, কাকা কানাইলাল দাশ আগে থেকেই অসুস্থ ছিলেন এবং তার হার্টের সমস্যা ছিল। সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়ার পথে মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে কাকি স্বরসতী দাশ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। তবে ঘটনাটি থানায় কেউ জানায়নি। ঘটনা জানার পর এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে।









Chief Editor-Dipali Rani Roy