শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।-খবর তোলপাড়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সরকারি নির্দেশনা জারি করে। মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত চিঠিতে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থাকে এই নির্দেশ মানার অনুরোধ জানানো হয়। এতে বলা হয়েছে, আসন্ন আইপিএল মৌসুমে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এ ধরনের সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট বা গ্রহণযোগ্য কারণ দৃশ্যমান নয়। বরং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। জনস্বার্থ বিবেচনায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইপিএলের সব খেলা ও আনুষঙ্গিক অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।

মুস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক কয়েক দিন ধরেই আইপিএলে তার অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। এ সময় ভারতের কয়েকটি উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠী প্রকাশ্যে তাকে দলে না নেওয়ার দাবি তোলে। সেই ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার পর রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের খবর গণমাধ্যমে এসেছে। এতে দেশের মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।” তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সরকারের অবস্থান কী হবে, তা আইনগত দিক ও প্রক্রিয়া পর্যালোচনা করে নির্ধারণ করা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও মুস্তাফিজকে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তিনি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ বিষয়ে অবস্থান নিয়েছে। বিসিবি রোববার (৪ জানুয়ারি) বোর্ড পরিচালকদের সভার পর আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, “যদি তারা আমাদের একজন খেলোয়াড়ের নিরাপত্তাই নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো দলের নিরাপত্তা কীভাবে দেবে, সেটাই বড় প্রশ্ন।”

উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। ওই আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়। তবে শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রীড়া অঙ্গন ছাড়িয়ে বিষয়টি এখন কূটনৈতিক ও জনমতের আলোচনাতেও জায়গা করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর