১৬ বছরেই পাবে এনআইডি, ভোটার তালিকায় ১৮ বছর বয়সে যুক্ত হবে
বাংলাদেশে ১৬ বা ১৭ বছর বয়স পূর্ণ হওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে।-খবর তোলপাড়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে আবেদনের সময় যাদের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এনআইডি পাওয়া ব্যক্তি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবেন না। এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দেওয়া শুরু হয়েছিল, এবার ১৬ বছর বয়সীদেরও সুযোগ দেওয়া হচ্ছে। এই পদক্ষেপ নতুন প্রজন্মকে পরিচয়পত্র প্রদান নিশ্চিত করবে এবং ভবিষ্যতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রক্রিয়া সহজ করবে।









Chief Editor-Dipali Rani Roy