এমপি’র উদ্যোগে উলিপুর হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু
আব্দুল মালেক :
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা চালুর লক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ অনুদান হস্তান্তর করেন।
অনুদান প্রদানকালে এমপি সালেহী বলেন, উলিপুরের মানুষ এখন থেকে সরকারি হাসপাতালে সেবার দৃশ্যমান উন্নয়ন লক্ষ্য করবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা ধাপে ধাপে কাজ করছি। খুব শিগগির এখানে আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান আল্ট্রাসনোগ্রাম মেশিনটি দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ফলে রোগীদের বাইরে গিয়ে ব্যয়বহুল পরীক্ষা করাতে হচ্ছে। এমপির ব্যক্তিগত অনুদানের অর্থে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই আল্ট্রাসনোগ্রাফি সেবা পুনরায় চালু করা সম্ভব হবে।
স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা জানান, উপজেলা পর্যায়ে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু হলে সাধারণ মানুষ বিশেষ করে গর্ভবতী মা ও নারী রোগীরা উপকৃত হবেন। তারা এ উদ্যোগকে স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে আল্ট্রাসনোগ্রাম সেবা বন্ধ থাকায় রোগীদের জেলা শহর বা বেসরকারি ক্লিনিকে নির্ভর করতে হচ্ছিল। নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।









Chief Editor-Dipali Rani Roy