কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ২ যুবককে ফেরত দিলেন বিজিবি
পিএম সৈকত, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় দুই যুবককে আটকের ৭ ঘন্টার পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফে কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৫৫ মিনিটে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশে বিজিবি ও বিএসএফের ১৫ মিনিটের পতাকা বৈঠকের মাধ্যমে আটকের ৭ ঘন্টা পর বিজিবি সদস্যরা দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহীম ও বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া এবং ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ইন্সপেক্টর) সুনীল কুমার।
এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার বালারহাট সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫ এর সাব পিলার ৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবককে হাতেনাতে আটক করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়াসহ বিজিবির টহলদল। দুই ভারতীয় যুবককে আটকের পর বিজিবির নায়েক সুবেদার লিটন মিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। পরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এর নির্দেশে আটকের ৭ ঘন্টার পর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় দুই যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয় দুই যুবক হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দুই ভারতীয় নাগরিককে আটকের ৭ ঘন্টা পর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy