উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত
আব্দুল মালেক :
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গর্ব’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার ফিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা মনিরা খাতুন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হাসান শাহীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ফিরোজ কবির কাজল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্যোগ প্রায়ই আমাদের মোকাবিলা করতে হয়। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগণকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় কিভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে এবং কীভাবে নিজের ও অন্যের জীবন রক্ষা করা যায়, সেসব বিষয়ে সবাইকে অবগত থাকতে হবে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং দুর্যোগ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়।
এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম মানুষের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস বাড়ায় এবং যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। তিনি এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন।









Chief Editor-Dipali Rani Roy