বিশ্ব পানি দিবস পালিত
হুমায়ুন কবির সূর্য:
‘পানি ও লিঙ্গ সমতা’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের এএফএডি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন।
এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি’র) নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবলিক ইনফরমেশন অফিসার জসিম উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান, সাংবাদিক ফজলে ইলাহী স্বপন, মোগলবাসা ইউপি চেয়ারম্যান মাহাফুজার রহমান, পাঁচগাছী ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কুদ্দুস, জেলা ব্রাক প্রতিনিধি সৈয়দ ফাহিদ হাসান, ফেন্ডশীপের প্রজেক্ট কোঅর্ডিনেটর আব্দুস সালাম, স্থানীয় নারী এনজিওর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাহবুব উল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ ও প্রকল্পের মাঠ পর্যায়ের সুবিধাভোগীরা অংশগ্রহন করেন।
স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এএফএডির আয়োজনে এবং জেন্ডার রেসপন্সসিভ ডিজাস্টার রিক্স রিডাকশন প্রকল্পের আওতায় এবং আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনওমেন এর অর্থায়নে কুড়িগ্রাম জেলার ৪টি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা, মানব জীবনে পানির গুরুত্ব, পানি সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং নিরাপদ পানির সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা পানি অপচয় রোধ এবং টেকসই পানি উন্নয়ন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আ্হবান জানান।
এছাড়াও অংশগ্রহনকারীরা স্মরণ করিয়ে দেন যে নিরাপদ পানির প্রাপ্যতা শুধু একটি উন্নয়ন ইস্যু নয়, বরং এটি জেন্ডার সমতা ও মানবাধিকারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশ্বজুড়ে পানি সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়ে নারী ও শিশুদের ওপর। প্রতিদিন কোটি কোটি ঘণ্টা পানি সংগ্রহে ব্যয় হওয়ায় তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক অংশগ্রহণ ব্যাহত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আর্সেনিক দূষণ, লবণাক্ততা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের কারণে নিরাপদ পানির সংকট আরও জটিল হয়ে উঠছে, যা নারী ও শিশুদের ওপর বিশেষভাবে প্রভাব ফেলছে।
এই প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে। এর আওতায় নারী নেতৃত্বে পানি ব্যবস্থাপনা জোরদার, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই পানি সমাধান প্রচার এবং নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।









Chief Editor-Dipali Rani Roy