প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী দিলেন বিএনপি নেতা
সংবাদদাতা, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ (জিডি) দায়ের করেছেন উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকার।
বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে বিএনপি নেতা মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০/৪০ জন দুর্বৃত্ত তার অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ ঘটনার পর তিনি অফিস থেকে বাইরে এলে জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়। পরে তিনি তার ভবিষ্যত নিরাপত্তা চেয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য পেশ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মামুন ব্যাপারী জানান, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার পদে কর্মরত ছিলো। গত ৬ এপ্রিল তাকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এবিষয়ে তিনি জানতে ওই অফিসে যান। এ সময় উপজেলা প্রকৌশলীর সাথে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত কিছু ছেলে অশালীন আচরণ ও গালাগালি করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার দায়িত্ব নিলেও পরে আর তা সমাধা হয়নি।
ভুক্তভোগী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, চাকরি বিধি লঙ্ঘন,অশালীন আচরণ ও দায়িত্ব অবহেলার দায়ে তাকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ঘটনার পর থেকে উপজেলা ইঞ্জিনিয়ার ভীতির মধ্যে অফিস করছেন। যে কোন সময় হুমকি দাতারা তার উপর হামলে পরতে পারে বলে আতংকগ্রস্থ হয়ে পড়েছেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জিডি দায়েরের কথা স্বীকার করে জানান, আদালতের অনুমতি পেলেই তদন্ত কার্যক্রম শুরু করা হবে।









Chief Editor-Dipali Rani Roy