অবৈধ ৫টি গাঁজা গাছসহ আটক ১
আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ করার অপরাধে রওশন আলম ওরফে দেলদার (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে তার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। রওশন আলম ওই এলাকার রহমত আলী মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, রওশন আলম ওরফে দেলদার নামীয় ব্যক্তি মাটিয়াল আদর্শ বাজার গ্রামে জনৈক সিদ্দিকুর রহমানের নিকট বর্গা নেওয়া জমিতে বেগুন খেতের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছের চারা রোপণ করে পরিচর্চা করে আসছে। শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে রওশন আলম ওরফে দেলদারকে আটক করে পুলিশ। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে তারই আবাদী বেগুন ক্ষেত থেকে ছোট-বড় ৫টি গাঁজার গাছসহ বিভিন্ন স্থানে ছড়ানো-ছিটানো অবস্থায় আরও ৬টি গাঁজার ডাল উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেল-হাজতে পাঠানো হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy