বনরুটি খেয়ে অসুস্থ কমপক্ষে ২০ শিশু
সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিম্নমানের ও বাসি বনরুটি সরবরাহের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি দায়ের করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। অভিযুক্ত করা হয়েছে বনরুটি সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিস্কুট বিপণিকে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, স্কুল ফিডিং প্রকল্পের আওতায় গাক নামের একটি এনজিও জেলার নাচোল উপজেলা বাদে বাকি চার উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন সরবরাহ করে আসছে। তাদের মাধ্যমে পাউরুটি, বিস্কিট, কলা, ডিম ও প্রাণ কোম্পানির দুধ সরবরাহ করা হয়।
গত ২২ এপ্রিল জেলা শহরের শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন হিসেবে দেওয়া বনরুটি খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তে সরবরাহ করা বনরুটি বাসি, ফাঙ্গাসযুক্ত ও নিম্নমানের প্রমাণিত হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
পরবর্তীতে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলাতেও একই ধরনের ঘটনা ঘটায় বিষয়টি আরও গুরুত্ব পায়। সবশেষে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে নিরাপদ খাদ্য বিপণন আইন ২০১৩ অনুযায়ী মেসার্স বিস্কুট বিপণির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









Chief Editor-Dipali Rani Roy