জানা গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়সূচি
অবশেষে অবসান হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু জটিলতা। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে এবারের আসরটি। সেই সাথে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। –খবর তোলপাড়।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে তৈরি হচ্ছে নতুন জটিলতা। ভারতের পছন্দ হিসেবে শোনা যাচ্ছিল দুবাই ও শ্রীলঙ্কার কলম্বোর নাম।
ভেন্যু জটিলতায় টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি ঘোষণা একপ্রকার আটকে গেছে। তবে এরই মধ্যে ভারত ও পাকিস্তানের কিছু গণমাধ্যম সম্ভাব্য সূচি সম্পর্কে একটা ধারণা দিয়েছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। শেষ হবে ৯ মার্চ । এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটির সম্ভাব্য ভেন্যু দুবাই।
সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। এছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে। ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত শেষ চারে উঠে কিংবা পৌঁছে গেলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ সংখ্যা বাড়বে। ৯ মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy