মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করলো বাংলাদেশ

প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা শেষ পর্যন্ত করতে পেরেছে ৪ উইকেটে ৭২ রান।

৩২ত্ম ওভারে তাইজুল ইসলামের করা শেষ বলটিতে রিভিউয়ের আবেদন করেছিল বাংলাদেশ দল। আম্পায়ার প্রথমে আউট দেননি। এরপর রিভিউ নেয় টাইগাররা। তবে রিভিউয়ে দেখা যায়, বল ব্যাটে লাগেনি। তাতে বেঁচে যান ধনঞ্জায়া ডি সিলভা। দিনের খেলা তখনো ৫ ওভার বাকি, জয়ের জন্য বাংলাদেশের দরকার ৬ উইকেট। এমন অবস্থায় ড্র মেনে নেন টাইগার অধিনায়ক শান্ত ও ডি সিলভা। –খবর তোলপাড়।

গল টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। গতকাল চতুর্থ দিনে ১০ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে টাইগাররা। ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করা সফরকারীরা শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ২৮৫ রান নিয়ে। তাতে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ২৯৬ রানের। আর স্বাগতিকদের বিশাল লক্ষ্য দিতে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন শান্ত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি এর আগেও করেছেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এমন কীর্তি গড়েছিলেন তিনি। সেবার দ্বিতীয় কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে এ মাইলফলকের দেখা পেয়েছিলেন তিনি। এর আগে প্রথম বাংলাদেশ ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন মমিনুল হক।

তবে শান্ত রেকর্ড গড়েছেন অন্য এক হিসেবে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। আর টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬ তম ক্রিকেটার তিনি। সবশেষ অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা মিলেছিল ২০২৪ সালের মার্চে সিলেটে। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

শান্তর এই রেকর্ড গড়া শতকের সুবাদেই লঙ্কানদের বিশাল লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগার অধিনায়ক করেছিলেন ১৪৮ রান। দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে ৬৮ রানের জুটি গড়া পর শান্ত মুশফিকুর রহিমের সঙ্গেও গড়েছিলেন ১০৯ রানের জুটি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ফিরেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে শান্ত ছাড়া বাংলাদেশের হয়ে অবদান রেখেছেন সাদমান ইসলাম, তিনি করেছেন ৭৬ রান।

এদিকে বাংলাদেশের দেওয়া ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত ৪ উইকেট হারায় লঙ্কানরা। ৩৪ রানের মধ্যেই সাজঘরে ফিরেন দুই ওপেনার। এরপর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্দিমালও সাজঘরে ফিরেন দ্রুতই। ৪৮ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৭২ রান করতেই দিনের খেলা শেষ হয়। প্রথম ইনিংসে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৪৯৫ রান। জবাবে খেলতে নামা লঙ্কানরা করে ৪৮৫ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর