শেষ সময়ে ৩৭১ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড
লিডস টেস্টে ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট দিয়েছে ভারত। জবাবে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৩ রান তুলেছে ইংলিশরা।-খবর তোলপাড়।
এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯০ রান নিয়ে আগের দিন শুরু করে ভারত। মাত্র ৮ রান করে ফেরেন শুভমান গিল। তবে ১৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন কেএল রাহুল ও রিশাভ পান্ত। টানা দ্বিতীয় ইনিংসে শতক তুলে নেন পান্ত। ১১৮ রান করে ফেরার পথে করেন নতুন রেকর্ড। দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান তিনি। ১৩৭ রান করে আউট হন রাহুল। শেষ ৩১ রানে টেল এন্ডের ৫ উইকেট হারিয়ে ৩৬৪ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস।
লিডসের এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে এসেছে ৫ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে সফরকারীদের মাঠে এক টেস্টে ৫ সেঞ্চুরির ঘটনা এর আগে ঘটেছিল মাত্র একবার। দ্বিতীয় দেশ হিসেবে এমন কিছু করে দেখালো ভারত।
জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ রান করে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৬৩। জ্যাক ক্রলি ২৩ রানে এবং বেন ডাকেট ৩৪ রানে অপরাজিত রয়েছেন।
শেষ দিনে জেতার জন্য দলটিকে করতে হবে আরও ৩০৮ রান। আর ভারতের দরকার ১০ উইকেট।









Chief Editor-Dipali Rani Roy