কলম্বো টেস্ট: প্রথম ইনিংসে আড়াইশ’র আগে থামলো বাংলাদেশ
প্রথম টেস্ট ড্রয়ের পর কলম্বোতে দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তুলে তারা দিন শেষ করে। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলল মোটে সাড়ে ৮ ওভার। আর দলীয় পুঁজিতে যোগ হলো ২৭ রান। যার বড় কৃতিত্ব তাইজুল ইসলামের। তার ত্রিশ পেরোনো ইনিংসে ভর করে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৪৭ রানে।
১৯৭ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের টেল-এন্ডারদের ব্যাটিংয়ে ৫০ রান পেয়েছে।-খবর তোলপাড়।
বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান ইসলাম। এ ছাড়া মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪, তাইজুল ৩৩ এবং মেহেদী হাসান মিরাজ ৩১ রান করেন।
আগেরদিন প্রথমে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের উইকেট দিয়েই ব্যাটিং ধসের শুরুটা হয় টাইগারদের। ১০ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। গল টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪ রান করলেও তাকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যার প্রতিদান দিতে পারলেন না।
এরপর বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৬ রানের মাথায় চারজনকে হারিয়ে বসে। সফরকারীরা কেবল পঞ্চাশোর্ধ রানের (৬৭) একটি জুটি পায় মুশফিক-লিটনের ব্যাটে। এ ছাড়া ব্যক্তিগতভাবে থিতু হয়েও বড় জুটি গড়তে পারেননি আর কেউই।
আজ দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই এবাদত হোসেনকে হারায় বাংলাদেশ। তাকে এলবিডব্লু করেছেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। আর অভিষিক্ত সোনাল দিনুশা তাইজুলকে ফেরান দিনেশ চান্দিমালের ক্যাচ বানিয়ে।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন আসিথা ও দিনুশা। এ ছাড়া বিশ্ব ফার্নান্দো নেন ২ উইকেট। থারিন্দু ও ডি সিলভা উইকেট নেন একটি করে।









Chief Editor-Dipali Rani Roy