মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বৃহস্পতিবার সকালেই প্রকাশিত হবে এইচএসসির ফল

প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায়। একই সময়ে দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল সকাল ১০টা থেকেই অনলাইনে দেখা যাবে। একই সময় ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, যেখানে ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ করা হবে।-খবর তোলপাড়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, “এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে এবার কোনো বাড়তি আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষা বোর্ডগুলো সরাসরি ফল প্রকাশ করবে।”

যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করিয়ে ফলাফল দেখতে পারবে। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) “রেজাল্ট কর্নার”–এ গিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য পরীক্ষার্থীদের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস, রোল নম্বর, স্পেস, পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের জন্য লিখতে হবে DHA Roll 2025।

ফল পুনঃনিরীক্ষণ আবেদন
ঢাকা বোর্ড জানিয়েছে, ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন করা যাবে কেবল অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। শিক্ষা বোর্ড বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষার প্রেক্ষাপট

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, যা শেষ হয় ১৯ আগস্ট। এর পর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেন, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর