মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ জানালো নির্বাচন কমিশন

প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হালনাগাদ হিসাবে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।-খবর তোলপাড়।

গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এই তালিকা অনুযায়ী দেশে এখন পুরুষ ভোটার নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি। আখতার আহমেদ বলেন, “দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকাই সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে।”

ইসি সচিব আরও জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং নিবন্ধন সম্পন্ন হয়েছে, তারা এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি বলেন, “নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃত, অনুপস্থিত বা পুনরাবৃত্ত ভোটার অপসারণের কাজও সম্পন্ন হয়েছে।”

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ১০ কোটি ৪১ লাখ এবং ২০১৪ সালের দশম নির্বাচনে ভোটার ছিল ৯ কোটি ১১ লাখ। অর্থাৎ গত এক দশকে দেশে নতুন ভোটার বেড়েছে প্রায় ৩ কোটি ৬৫ লাখ।

ইসি সূত্র জানায়, চলতি বছরের ২ মার্চ পর্যন্ত দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর জুন পর্যন্ত নিবন্ধিত নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে সম্পূরক তালিকা প্রকাশ করা হয়। সর্বশেষ হালনাগাদের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর