সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা
পিআইডি, রংপুর :
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই। শুধু পাশের জন্য পড়ালেখা না করে প্রকৃত জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। রবিবার (৭ই ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীসমাবেশের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাগুড়া উচ্চ বিদ্যালয় এই সভা আয়োজন করে।
নারী শিক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গত ছয় দশকে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে নারী শিক্ষায়। এ কারণেই নারীরা আজ দেশের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু পাশের হার বৃদ্ধি যেনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উদ্দেশ্য না হয়, এজন্য শিক্ষকদের দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও মানসিক বিকাশমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।
অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান, সন্তানদের যেন বিপথে যেতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তারা কোন কাজে কত সময় ব্যয় করছে—এটি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। সন্তানদের মাঝে একাকীত্ববোধ দূর করতে তাদের সঙ্গে সময় কাটানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
মানবসম্পদ উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রতিটি নাগরিককে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। বিদেশে দক্ষ কর্মীর চাহিদা ক্রমশ বাড়ছে; এই সুযোগ কাজে লাগাতে প্রবাসে গমনেচ্ছুদের ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে।
মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নীলফামারীর জেলাপ্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারীর পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান, সাবেক সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র রায়, সাবেক শিক্ষার্থী মোঃ মহিউদ্দিন আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









Chief Editor-Dipali Rani Roy