পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত
পিআইডি, রংপুর :
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস, ২০২৫ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। একই সাথে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়ে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯ টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলাপ্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, আজ ১৬ ডিসেম্বর। আমাদের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার দিন। তিনি আরো বলেন, আজ থেকে ৫৪ বছর আগে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে পরাজয় স্বীকার করে। পৃথিবীর মানচিত্রে উদিত হয় নতুন এক স্বাধীন রাষ্ট্র—বাংলাদেশ।
জেলাপ্রশাসক মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়; এটি দীর্ঘ প্রস্তুতির ফল, সংগঠিত প্রতিরোধের ফসল। আমাদের হাজার বছরের সংগ্রামের চূড়ান্ত অর্জন। তিনি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।









Chief Editor-Dipali Rani Roy