উলিপুরে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা
সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার ২টি ইউনিয়নে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তবকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন একটি ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার সময় মো. মিলন মিয়া, সাং সাদুল্যা, গ্রাম রসুলপুর, ইউনিয়ন তবকপুরকে হাতেনাতে আটক করা হয়। সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পঞ্চম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পরিচালিত অপর একটি মোবাইল কোর্টে ফসলি জমি থেকে মাটি কাটার সময় ভেকু ড্রাইভার মো. আলবি হোসেন, গ্রাম শাহবাজপুর, থানা কালিয়াকৈর, জেলা গাজিপুরকে আটক করে তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করা হয়।পরে ভাটার মালিক আবেদ আলী সরদার ৫০ হাজার টাকা জরিমানা দেন।
আজ দুইটি মোবাইল কোর্ট অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, ফসলি জমি রক্ষা, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।









Chief Editor-Dipali Rani Roy