কুড়িগ্রাম-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আব্দুল মালেক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজসোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ জানান, গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাড. এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুন অর রশিদ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহামুদুল হাসান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ০৫-১১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ১২-১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ দিন, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ১ লাখ ৮৫ হাজার ৪০৬ জন। মোট ভোট কেন্দ্র ১৪০টি। বুথ ৬৯৭টি।









Chief Editor-Dipali Rani Roy