উল্টো চাঁদাদাবী, পীরগঞ্জে অসহায় পরিবারের জমি প্রভাবশালীদের দখলে
শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভাকুড়া উত্তর পাড়া মহল্লায় এক অসহায় পরিবারের বসত বাড়ির জমি এলাকার প্রভাবশালীদের দখলে রয়েছে। তাদের চাহিদা মত মোটা অংকের চাঁদা না দেওয়ায় প্রভাবশালীরা তার জমি ছেড়ে না দিয়ে তাকে হুমকি ধামকি দিচ্ছে বলে বুধবার এলাকার মামুনুর রশিদ এ প্রতিনিধির কাছে অভিযোগ করেন।
জানা গেছে, ওই মহল্লার দবির উদ্দীন এর পুত্র আলম ২০১৭ সালে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া মৌজার জে,এল নং- ৮৪, এস.এ খতিয়ান নং- ৬১১, দাগ নং- ১৬৪০, মোট পৌনে ৭ শতক জমি প্রকৃত মালিকের কাছ থেকে কবলা দলিল মূলে ক্রয় করে পীরগঞ্জ সাব রেজিষ্ট্রী অফিসে দলিল নিবন্ধন করেন। জমির দলিলে চৌহদী ও কলমী নকশা বর্ণিত তার জমি এলাকার আশির উদ্দীন এর পুত্র প্রভাবশালী আব্দুল হক ও তার সহযোগীরা আলমের জমি জবর দখল করে মোটা অংকের চাঁদা দাবী করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আলমের পুত্র মামুনুর রশিদ পীরগঞ্জ থানায় সম্প্রতি লিখিত অভিযোগ করেন।
প্রভাবশালী আব্দুল হক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে প্রভাব বিস্তার করায় আলম এর ছেলে মামুনুর রশিদ থানায় প্রতিকার পাচ্ছে না। এ ব্যাপারে মামুনুর রশিদের কাছ থেকে আব্দুল হক চাঁদা স্বরুপ ১০ হাজার টাকা আদায় করেও ক্ষান্ত হয়নি। বর্তমানে আব্দুল হক মামুনুর রশিদের কাছে পুনরায় ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। উক্ত চাঁদার টাকা এককালীন পরিশোধ করে দিলে আব্দুল হক ও তার সহযোগীরা আলমের ক্রয়কৃত জমি ছেড়ে দিবেন বলে বুধবার দুপুরে মামুনুর রশিদকে জানায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।









Chief Editor-Dipali Rani Roy