শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চুরি করা গরুর মাংসে ইফতার, লজ্জায় দেশ ত্যাগ প্রবাসীর

প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদদাতা, সিলেট:

সিলেটের ওসমানীনগরে মাঠ থেকে চুরি করা গরু জবাই করে সেই মাংস দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করার অভিযোগ উঠেছে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে। গরু কেনার টাকা দেওয়ার পরও কেয়ারটেকারের এমন কর্মকাণ্ডে লজ্জায় দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন প্রবাসী আহমদ মধু।

মঙ্গলবারের ওই ইফতার মাহফিলে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাসহ কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশ নেন। চুরির গরুর মাংসে ইফতারের বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গলমুখাপন গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ আহমদ সাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার (৬ রমজান) এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনের দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আহমদ মধু ও সাধারণ সম্পাদক বুরহান মিয়া।

এদিকে, আহমদ মধু ইফতারের জন্য তার বাড়ির কেয়ারটেকার সাঈদীকে তিনটি গরু কেনার টাকা দেন। কিন্তু অভিযোগ উঠেছে, কেয়ারটেকার সাঈদী গরু না কিনে নাজমুল ইসলাম নামের এক ব্যক্তির গরু মাঠ থেকে ধরে এনে জবাই করে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি এলাকায় জানাজানির পরে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে কৈফিয়ত চাইলে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ইফতারের জন্য জবাই করা গরুটি প্রকৃতপক্ষে নাজমুল ইসলামেরই ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আহমদ মধু তাৎক্ষণিকভাবে গরুর মালিককে নগদ ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন।

বিব্রতকর এই পরিস্থিতির মধ্যে শুক্রবার রাতেই তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন বলে জানা গেছে। গরুর মালিককে অর্থ পরিশোধের পর প্রবাসী নিজে এই ঘটনায় জড়িত নন দাবি করে একটি ভিডিও ধারণ করেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী পলাতক রয়েছেন।

এ ঘটনায় ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, বিষয়টি সম্পর্কে আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। তবে এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর