উলিপুরে নাগরিক দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা সভা
আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা, নাগরিক দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উলিপুর আরডিআরএস হলরুমে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, তরুণ নেতা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী তরুণরা বলে, তরুণ সমাজ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ দেখতে চায়। নতুন সরকারের কাছে তাদের প্রধান প্রত্যাশা হলো কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা।
তারা আরো জানায়, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া জরুরি। নতুন সরকার যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর ও যুগোপযোগী নীতি গ্রহণ করবে বলেও প্রত্যাশা করে তারা।
বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী (রংপুর) রাজেশ দে রাজু, উলিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রোকনুজ্জামান মানু, শিমুল দেব প্রমুখ।









Chief Editor-Dipali Rani Roy