নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও
পিএম সৈকত:
কুড়িগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর নিজ হাতে পরিষ্কার করলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। তিনি হাতে ঝাঁড়ু নেয়ার সাথে সাথে উপজেলা ইউএইচ এন্ড এফপিওসহ কর্মকর্তাগণও ঝাঁড়ু দিয়ে আবর্জনা পরিষ্কার করেন।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘ক্লিনিং স্যাটারডে’ কর্মসূচি পালনের সময় উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে ঝাঁড়ু তুলে নিলে এলাকার মানুষের মাঝে দারুন উৎফুল্ল দেখা যায়।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হাসপাতাল এলাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসূল রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য জনসচেতনতা ও সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। বক্তারা বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।









Chief Editor-Dipali Rani Roy