মেয়ে অন্তঃসত্ত্বা ঘটনায় সৎবাবা কারাগারে
সংবাদদাতা,ময়মনসিংহ:
বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়ে অন্তঃসত্ত্বার ঘটনায় সৎবাবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৪ এপ্রিল) আদালত জামিন নামঞ্জুর করে অভিযুক্তকে কারাগারে পাঠান। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত ইশা ব্যাপারীর ছেলে আবদুল হেকিম (৬৫)।
প্রায় দুই বছর আগে তিনি তৃতীয় বিয়ে করেন খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের এক বিধবাকে। তার তৃতীয় স্ত্রী দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করে বসবাস করেন। তার মধ্যে এক মেয়েসন্তান (১৬) বাক ও শ্রবণপ্রতিবন্ধী। স্বামী আব্দুল হেকিম নিজ গ্রামে আরেক স্ত্রী রেখে তৃতীয় স্ত্রীর দেখাশোনার অজুহাতে প্রায়ই আব্দুল্লাহপুর গ্রামে যান।
সেখানে বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েকে কাছে নিয়ে বেশ কয়েকবার যৌন হয়রানি করলেও লোকলজ্জার ভয়ে কিছু বলেনি তার তৃতীয় স্ত্রী। প্রতিবাদ করতে গেলে তালাকের হুমকি দিতেন আব্দুল হেকিম। গত কয়েক দিন ধরে মেয়ের শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকলে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় মেয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা। এক পর্যায়ে বাধ্য হয়ে এলাকার লোকজন ও প্রতিবেশীর কাছে নিজের স্বামীর অপকর্মের ঘটনা বলে দেন তিনি।
এ ঘটনা জানার পর গত ৩ এপ্রিল ধর্ষক সৎবাবা আব্দুল হেকিমকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। পরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পর অভিযুক্ত সৎবাবাকে আদালতে আর ধর্ষণের শিকার মেয়েকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নান্দাইল থানার উপপরিদর্শক মামুন মিয়া জানান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়েটিও ইশারায় তার এই অবস্থার জন্য সৎবাবাকে দায়ী করে। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy