জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিএম সৈকত :
কুড়িগ্রামে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহনে অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে মতবিনিময় সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-ই-খোদা। অনুষ্ঠানে এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)’রি নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অতিরিক্ত সিভিল সার্জন এ এন এম গোলাম মোহাইমেনুল, সমাজসেবা বিভাগের উপপরিচালক হুমায়ুন কবির, ইউএনওমেন’র প্রোগ্রাম অ্যানালিস্ট কাজী রাবেয়া এমি, মানুষের জন্য ফাউন্ডেশন’র প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আহম্মেদ, হামজা মোহাম্মদ নুর প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন’র কারিগরি সহযোগিতায় এবং ইউএনওমেন’র আর্থিক সহায়তায় স্থানীয় নারী নেতৃত্বাধীন সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) ‘এম্পাওয়ার ওমেন ফর ক্লাইমেট রেজিলেন্স সোসাইটিজ (ফেজ-২)’ প্রকল্পটির মাধ্যমে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহনে অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলা।এই প্রকল্পের আওতায় দেশের ৫টি জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলার তৃণমুল পর্যায়ে ১০০টি নারী নেতৃত্বাধীন সুশীল সমাজ সংগঠনের সমন্বয়ে ‘ওমেন ইন ক্লাইমেট একশন নেটওয়ার্ক’ গঠন করা হয়েছে। নেটওয়ার্কের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উপস্থাপন করা। মতবিনিময় সভায় নেটওয়ার্কের ২০জন নারী লিডার অংশগ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারীর ঝুঁকি ও সম্ভাবনা এবং নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সিএস নারী লিডার শরীফা খাতুন ও সাহিদা বেগম নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।









Chief Editor-Dipali Rani Roy