• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নবান্নে বাহারি মাছের মেলা, সংস্কৃতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 9

কবি সুকান্তের ভাষায়, ‘নতুন ফসলের সুবর্ণ যুগ আসে’। ‘এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান’। নবান্নের বর্ণনা তিনি তাঁর ‘এই নবান্নে’ কবিতায় এভাবেই তুলে ধরেছেন। হেমন্ত ঋতুতে দিন-রাতের অবিশ্রান্ত পরিশ্রমে কৃষকের ঘরে ওঠে সোনার ধান। বাংলার গ্রামগঞ্জ মেতে ওঠে নবান্নের উৎসবে। সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকামতে, অগ্রহায়ণের প্রথম দিনে পালিত হয় নবান্ন উৎসব।-খবর সংবাদদাতা, বগুড়া।

এ উৎসব উপলক্ষে বগুড়ার বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা নবান্নের আনন্দে মেতে ওঠেন। ঐতিহ্যবাহী এ উৎসবের প্রধান আকর্ষণ মাছের মেলা। বগুড়ার নবগঠিত উপজেলা মোকামতলার উথলীতে এই উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর মাছের সবচেয়ে বড় মেলা বসে।

তবে পিছিয়ে নেই জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান, কাহালু পৌর হাটবাজার, সারাই বাজার, দুর্গাপুর বাজার, নন্দীগ্রাম উপজেলার ওমরপুর, রনবাঘা, হাটকড়ই, ধুন্দার ও দাসগ্রাম, গাবতলী, দুপচাঁচিয়ার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা এবং শেরপুর উপজেলার বারদুয়ারীহাট, সকালবাজার ও গোশাইপাড়া (কাচারী) মোড়সহ বিভিন্ন বাজার।

সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের নবান্ন উৎসবের মূল আয়োজন জেলার মোকামতলার উথলীতে হলেও রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদেনীপাড়া, বাকশন, গণেশপুর ও রহবলসহ প্রায় ২০ গ্রামের মানুষের ঘরে ঘরে চলে উৎসব। এই নবান্ন মেলার উদ্যোক্তা স্থানীয়রা হলেও আশপাশের গ্রামের সব সম্প্রদায়ের মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। মাছের মেলার পাশাপাশি ক্ষেত থেকে নতুন তোলা শাকসবজির পসরাও সাজানো হয় মেলা চত্বরে। এ ছাড়া সেখানে বসেছে নাগরদোলা ও শিশু-কিশোরদের খেলনার দোকান। সেই সঙ্গে মেলা চত্বরে মিষ্টান্ন ও দইয়ের বড় বাজারও বসে।

মেলায় আগত স্থানীয়রা জানান, মেলাটি শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ। তাঁদের বিশ্বাস, এই ঐতিহ্য গত তিন শতাব্দী ধরে সজীবভাবে বেঁচে রয়েছে এবং আগামীতেও তা সংরক্ষিত থাকবে। নবান্ন উৎসবের এই মেলা স্থানীয় কৃষি ও মৎস্য উৎপাদনের পরিচয়ও তুলে ধরে, যা অনেকের কাছে ভিন্নধর্মী আকর্ষণ হয়ে ওঠে।

জনশ্রুতি রয়েছে, নবান্ন উপলক্ষে নতুন চালের তৈরি পায়েস-পোলাও, পিঠাপুলিসহ রকমারি খাবার পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। সামাজিকভাবে প্রচলিত প্রথা অনুযায়ী এবং ধর্মীয় রীতিনীতি মেনে নানা আচার-অনুষ্ঠান পালন করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অন্ন লক্ষ্মীতুল্য। তাই তাঁরা এ দেবীর উদ্দেশে পূজা-অর্চনার আয়োজন করেন। এ ছাড়া নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাকসহ বিভিন্ন প্রাণীকে উৎসর্গ করা হয়। আত্মীয়স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা ও পরিবারের সদস্যরা নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করেন।

নতুন চালের তৈরি খাদ্যসামগ্রী কাককে নিবেদন করা নবান্নের একটি বিশেষ লৌকিক প্রথা। লোকবিশ্বাস অনুযায়ী, কাকের মাধ্যমে ওই খাদ্য মৃত ব্যক্তির আত্মার কাছে পৌঁছে যায়। এই নৈবেদ্যকে বলা হয় ‘কাকবলি’। অতীতে পৌষসংক্রান্তির দিনও গৃহদেবতাকে নবান্ন নিবেদন করার প্রথা ছিল। হিন্দু শাস্ত্রে নবান্নের উল্লেখ ও কর্তব্য নির্দিষ্ট করা রয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী, নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষেরা অন্ন প্রার্থনা করেন। এ কারণে হিন্দুরা পার্বণবিধি অনুসারে নবান্নে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন।

শাস্ত্রমতে, নবান্ন শ্রাদ্ধ না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। বাংলাদেশে বসবাসকারী অন্যান্য ধর্মাবলম্বী ও আদিবাসী সমাজেও নিজ নিজ ধর্মীয় রীতিনীতি, বিশ্বাস ও প্রথা অনুযায়ী নবান্ন উৎসব পালন করা হয়। এ ছাড়া মুসলিম কৃষক সমাজে নতুন ফসল ঘরে ওঠার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে বাড়িতে বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ ও দরগায় শিরনি বিতরণের আয়োজনও করা হয়। তবে নবান্নের এই মেলা শুধু শিবগঞ্জ ও মোকামতলার মধ্যেই সীমাবদ্ধ নয়; ঐতিহ্যে পরিণত হয়েছে জেলার দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, আদমদীঘি, কাহালু, শেরপুর, গাবতলী ও শাজাহানপুরসহ অন্যান্য উপজেলাতেও।

বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকেই মেলাপ্রাঙ্গণে মানুষের ভিড় চোখে পড়ে। আগের রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় মাছ নিয়ে ব্যবসায়ীরা উথলী বাজারে পৌঁছাতে শুরু করেন। মাছ বিক্রেতারা জানান, নদী, হাওর ও বিল থেকে ধরা বিশাল আকৃতির নানা প্রজাতির মাছ সাজিয়ে বেচাকেনা করতে তাঁরা বছরের এই দিনটির অপেক্ষায় থাকেন।

সকাল থেকে বেলা ১টা পর্যন্ত সরেজমিনে জেলার কাহালু, নন্দীগ্রাম উপজেলার ওমরপুর ও রনবাঘা, শিবগঞ্জের উথলী এবং শেরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সারিবদ্ধভাবে বসানো মাছের দোকানগুলোতে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে রুই, কাতলা, মৃগেল, চিতল ও সিলভার কার্পসহ নানা প্রজাতির মাছ। এবার মেলায় এক কেজি থেকে শুরু করে ১৮ কেজি ওজনের মাছ পাওয়া যাচ্ছে।

১২ কেজি ওজনের ব্লাড কার্প ও কাতলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি এক হাজার টাকা দরে। ১৫ কেজি ওজনের বিগহেড ও বাটা মাছের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকা। বাজারে সামুদ্রিক কোরাল মাছ কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা এবং টুনা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকারভেদে রুই মাছ কেজিপ্রতি ৩০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৬৫০ টাকা, বোয়াল ৫৫০ থেকে ৬৫০ টাকা, সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকা, চিতল ৫০০ থেকে ১ হাজার টাকা এবং বাঘাইড় ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। নবান্ন উপলক্ষে নতুন আলুও ছিল বেশ জনপ্রিয়। এর দাম ছিল কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা।

কাহালু বাজারের পাইকারি মৎস্য ব্যবসায়ী মো. ফজলার রহমান জানান, নবান্ন উপলক্ষে এবার রাজশাহী থেকে বিক্রির জন্য একশ মণের বেশি মাছ আনা হয়েছে। গত বছরের তুলনায় এবার মোকামগুলোতে মাছের দাম কিছুটা কম থাকায় সরবরাহও বেশি।

তরুণ মৎস্য ব্যবসায়ী সোহাগ নওগাঁর সাপাহার থেকে নিয়ে এসেছেন ২২ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। মাছটির দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি দুই হাজার টাকা। শুধু নবান্ন উপলক্ষে কাহালু মাছের বাজারেই প্রায় ৮০ লাখ টাকার মাছ বিক্রি হতে পারে বলে ব্যবসায়ীদের ধারণা।

শিবগঞ্জের উথলী মেলায় আসা স্থানীয় সনাতন সম্প্রদায়ের বাসিন্দা স্বপন কুমার বলেন, ‘এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমাদের বাবা-দাদারাও এখানে আসতেন। ছোটবেলা থেকেই আমরা মেলায় আসছি। এখন সন্তানদেরও নিয়ে আসি, যাতে তারাও এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বড় হতে পারে।’

উথলী মাছের মেলার পাশের নারায়ণপুর গ্রামের বাসিন্দা গগন চন্দ্র সরকার বলেন, প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী মেলাটি যেমন মাছের জন্য বিখ্যাত, তেমনি মেলার দিন নতুন শাকসবজিতেও ভরপুর থাকে। এ কারণে আশপাশের লোকজন মেলায় ছুটে আসেন।

মাছ বিক্রেতা কৃষ্ণ প্রামাণিক বলেন, ‘এবার ১০ লাখ টাকার মাছ তুলেছি। গতবার প্রায় ৩ লাখ টাকার মতো লোকসান হয়েছে। এবার আবারও আশা নিয়ে মাছ তুলেছি। বেচাকেনা ভালোই হচ্ছে। মেলা শেষ পর্যন্ত কী হবে, আল্লাহই ভালো জানেন।’

মেলায় মাছ কিনতে এসে বেড়াবালা গ্রামের আশরাফ আলী ও গণেশপুর গ্রামের দেবনাথ বর্মন বলেন, উথলীর নবান্ন মেলায় বিক্রির জন্য আশপাশের এলাকার পুকুরগুলোতে শৌখিন চাষিরা মাছ মজুত করে রাখেন।

মেলা পরিচালনাকারী ফরমান আলী বলেন, নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই এই মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতায় মেলার আয়োজন অব্যাহত রয়েছে।

নন্দীগ্রামের দাসগ্রামের মাছ ক্রেতা বাদল চন্দ্র জানান, ‘রুই ৪৮০, বিগহেড ৫৫০ ও চিতল ৯০০ টাকা কেজি দরে কিনেছি। মোট ৯ হাজার ৫০০ টাকার মাছ নিয়েছি।’

মেলায় আগত স্থানীয়রা জানান, প্রায় ২০০ বছরের পুরোনো এ মেলায় প্রতিবছরই প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয়। এবার মেলায় ৩০ কেজি ওজনের কাতলাসহ বড় বড় মাছ এসেছে। এসব মাছ ৩০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মেলায় নানা জাতের বিভিন্ন ধরনের মাছ আনা হয়েছে।

দর্শনার্থী ও স্থানীয়রা জানান, শুধু মাছ নয়, মেলাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ ঐতিহ্যের মিষ্টান্ন, খেলনা এবং বগুড়ার বিখ্যাত দইয়ের দোকান। আত্মীয়স্বজনের মিলনমেলায় পরিণত হওয়া এই এক দিনের মেলা চলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত।

মাছের পাশাপাশি মেলায় বাড়তি আকর্ষণ ছিল ক্ষেত থেকে সদ্য তোলা শীতকালীন শাকসবজি। বিশেষ করে নতুন আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ২৪০ থেকে ২৬০ টাকা দরে। গত বছর এমন সময়ে নতুন আলু ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এবার পাওয়া যাচ্ছে অর্ধেক দামে। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ নানা ধরনের সবজির বেচাকেনাও বেশ জমে উঠেছে।

হাজারো মানুষের সমাগম ও উৎসবমুখর এই মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, নবান্নের এই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, নবান্নের মেলা এই এলাকার একটি বিশেষ ঐতিহ্য। গ্রামে গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর