• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

১ কোটি মালার চ্যালেঞ্জে সাড়া, ৩ ডিসেম্বর মুক্তি ‘পঞ্চায়েত’র ৫ম সিজন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

Views: 0

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’র নতুন সিজন ঘিরে ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দর্শকদের জন্য অভিনব এক শর্ত দিয়েছিল সিরিজটির নির্মাতা প্রতিষ্ঠান। সেই শর্ত পূরণ হওয়ায় অবশেষে ঘোষণা করা হয়েছে পঞ্চম সিজনের মুক্তির দিন। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটির নতুন পর্বগুলো।-খবর তোলপাড়।

এর আগে গত রোববার প্রাইম ভিডিওর পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি বছরে আসছে না ‘পঞ্চায়েত’র পঞ্চম সিজন। এমন ঘোষণায় হতাশ হয়েছিলেন সিরিজটির অনুরাগীরা। তবে একদিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে নতুন চমক হাজির করে প্রাইম ভিডিও।

ভিডিওতে ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবীকে দেখা যায়। সেখানে তিনি অতীতে তার পরিবারের প্রতি করা অপমানের প্রসঙ্গ টেনে এবার সবার কাছ থেকে ‘ফুল ইজ্জত’ বা পূর্ণ সম্মান দাবি করেন। আর সেই সম্মান নিশ্চিত করতে দর্শকদের জন্য দেন এক অভিনব চ্যালেঞ্জ। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বানরাকাস চরিত্রের গলায় এক কোটি মালা পরাতে হবে। শর্ত পূরণ হলেই প্রকাশ করা হবে নতুন সিজনের মুক্তির তারিখ।

ক্রান্তি দেবীর এই আহ্বানে দ্রুত সাড়া দেন ভক্তরা। অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইটে এক কোটি মালা পরানোর লক্ষ্য পূরণ হয়ে যায়। এর পরপরই প্রকাশ করা হয় সিরিজটির পঞ্চম সিজন মুক্তির তারিখ—৩ ডিসেম্বর।

গ্রামবাংলার প্রত্যন্ত জনপদ ফুলেরার সাধারণ মানুষের জীবন, স্থানীয় রাজনীতির হিসাব-নিকাশ এবং ব্যক্তিগত সম্পর্কের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পঞ্চায়েত’। আগের সিজনের শেষদিকে গ্রামটির রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যায়। নির্বাচনে মঞ্জু দেবীকে পরাজিত করে প্রধানের দায়িত্ব পান ক্রান্তি দেবী। অন্যদিকে ক্যাট পরীক্ষায় সফল হওয়ার পাশাপাশি রিঙ্কির কাছে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন সচিবজি।

এবার নতুন প্রধানের অধীনে ফুলেরার প্রশাসনিক ও রাজনৈতিক পরিবেশ কতটা বদলে যায়, সেটিই দেখার অপেক্ষায় দর্শকরা। একই সঙ্গে সচিবজি ও রিঙ্কির সম্পর্কের পরবর্তী পরিণতি নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

পঞ্চম সিজনের গল্প নিয়ে সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রহ্লাদ চরিত্রে অভিনয় করা ফয়সল মালিক। তার ভাষ্য, নতুন সিজনে একাধিক চরিত্রের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। কমেডি ও নাটকীয়তার পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটবে, যা দর্শকদের জন্য অপ্রত্যাশিত হবে।

দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, সানভিকা, ফয়সল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার ও অশোক পাঠকসহ আরও অনেকে।


এই বিভাগের আরও খবর