শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শোকার্ত:

নতুন বাংলাদেশ: শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই তুলে নিয়েছে দারুণ এক জয়। শুক্রবার (১১ জুলাই) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আফিদা খন্দকারের দল। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল যোগ করে জয় নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেছেন মুনকি আক্তার। বাকি চার গোল করেন স্বপ্না রানী, শিখা আক্তার, রুপা ও শান্তি মার্দি। শ্রীলঙ্কা একমাত্র গোলটি করে ইনজুরি সময়ে।-খবর তোলপাড়।

দলের এমন দাপুটে পারফরম্যান্সের পেছনে ছিল অভিজ্ঞতার ছোঁয়া। সদ্য এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেওয়া সিনিয়র দলের আটজন ছিলেন এই অনূর্ধ্ব-২০ দলে। কোচ পিটার বাটলার একাদশে জায়গা দেন তাঁদের সবাইকে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ৩৭ মিনিটে গোলরক্ষকের ভুলে বল পেয়ে তৃতীয় গোলটি করেন সাগরিকা।

বিরতির পর অধিনায়ক আফিদাসহ তিন খেলোয়াড়কে উঠিয়ে নেন কোচ বাটলার। তবু আক্রমণের ধার কমেনি। ৪৭ মিনিটে সাগরিকার কাটব্যাক থেকে আবারও গোল করেন মুনকি। এরপর একে একে গোল করেন শিখা, সাগরিকা (আরও দুটি), রুপা ও শান্তি। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে শান্তির গোলেই ৯-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব আগেই প্রমাণিত। এবার বয়সভিত্তিক টুর্নামেন্টেও সেই আধিপত্যেরই আরেকটি নিদর্শন দিলো লাল-সবুজের মেয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর