প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটের সহজ জয় পেল বাংলাদেশ
সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান তুলতে পারে ডাচরা। জবাবে ৮ উইকেট হাতে রেখে ১৩ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এদিন ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় ঝড়ো সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। ইনিংসের প্রথম তিন বলে টানা তিনটি বাউন্ডারি হাঁকালেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৯ বলে ১৫ রান করে আরিয়ান দত্তের বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।-খবর তোলপাড়।
এরপর তিনে নেমে রানের চাকা সচল রাখেন অধিনায়ক লিটন দাস। তাকে ভালো সঙ্গ দেন তানজিদ তামিম। ২৪ বলে ২৯ রান করে ফিরলেও তামিমের ইনিংস দলকে এগিয়ে দেয়। এরপর লিটনের ব্যাট থেকে আসে ঝড়ো ফিফটি। মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৪ রানে। চারে নেমে সাইফ হাসান খেলেন ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস।
তাদের ব্যাটিংয়ে ভর করেই ৩৯ বল হাতে রেখে সহজ জয় পায় বাংলাদেশ।
এর আগে নেদারল্যান্ডসের ইনিংসের শুরুতে স্পিন আক্রমণ চালান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারে শেখ মেহেদি ছিলেন নিয়ন্ত্রিত। তবে শরিফুল ইসলাম কিছুটা খরুচে হলে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। বল হাতে নেমেই সাফল্য এনে দেন তিনি। প্রথম বলেই ফেরান ম্যাক্স ও’ডাউডকে (২৩)।
অষ্টম ওভারে আবারো প্রথম বলেই উইকেট তুলে নেন তাসকিন। এবার ভিক্রমজিত সিং ধরা পড়েন লং-অনে।
প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা সাইফ হাসানও বল হাতে চমক দেখান। নিজের প্রথম ওভারেই ফেরান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (১২) ও তেজা নিদামিনুরুকে (২৬)।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি নেদারল্যান্ডস।









Chief Editor-Dipali Rani Roy