নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নেই হামজা
৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও চূড়ান্ত দল প্রকাশ করেনি। তবে জানা গেছে, নেপালের বিপক্ষে ফিফার দুই প্রীতি ম্যাচে খেলবেন না হামজা চৌধুরী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।-খবর তোলপাড়।
আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল। ফিফা উইন্ডোতে ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন। ফিফার আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পথচলা মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল ফেডারেশন।









Chief Editor-Dipali Rani Roy