রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের জয়

প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে সিকান্দার রাজার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে এই জয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে তারা।-খবর তোলপাড়।

দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। চার নম্বরে আয়ারল্যান্ড এবং পাঁচ নম্বরে অবস্থান করছে ওমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক ট্রাভিস হেড। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

ওপেনিং জুটিতে আসে ৬১ রান। ২১ বলে ৩৫ রান করে আউট হন তাদিয়ানসে মারুমানি। দ্বিতীয় উইকেটে রায়ান বার্লকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট। ৩০ রানে থামে বার্লের ইনিংস।

এরপর সিকান্দার রাজাকে নিয়ে ইনিংস শেষ করেন বেনেট। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৫৬ বলের ইনিংসে মারেন সাতটি চার। রাজা অপরাজিত থাকেন ২৫ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন মার্কাস স্টোয়নিস ও ক্যামেরন গ্রিন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতেই মুজারাবানি ও ইভান্স মিলে তুলে নেন চারটি উইকেট।

চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দুজন মিলে গড়েন ৭৭ রানের জুটি। তবে ম্যাক্সওয়েল আউট হলে আর ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া।

ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন রেনশো। ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান এবং ট্রাভিস হেড করেন ১৭ রান। দলের বাকি ব্যাটারদের কেউই দশের কোটায় পৌঁছাতে পারেননি।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। তিনটি উইকেট পান ব্র্যাড ইভান্স।

২৩ রানের জয় নিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থান গড়ে তুলল সিকান্দার রাজার দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর