শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

২২ বছর পর বানশালির সিনেমায় শাহরুখ খান!

প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানশালির ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন কিং খান শাহরুখ খান। ২০০২ সালের সেই মেগাবাজেট সিনেমা আজও সিনেদুনিয়ায় চর্চিত। তারপর কেটে গিয়েছে ২২টি বছর। বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার।

বারবার জল্পনা শোনা গেলেও, দর্শক-অনুরাগীদের স্বপ্ন সত্যি হয়নি। অতঃপর অধরাই থেকেছে সঞ্জয় লীলা বানশালির ছবিতে আবার কিং ম্যাজিক দেখার সাধ। এবার সম্ভবত ভক্তদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।-বিনোদন তোলপাড়।

শোনা যাচ্ছে, বানশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্য ‘লাভ অ্যান্ড ওয়ার’এ এবার শাহরুখ খানকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। যে ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। বলিপাড়ায় জোর জল্পনা, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কিং খান থাকছেন ক্যামিওর চরিত্রে।

সম্প্রতি বানশালির সঙ্গে দেখা করেছেন শাহরুখ। আর সেই সাক্ষাতেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার এক বিশেষ দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখের সঙ্গে আলোচনা হয়েছে। বাদশা সবুজ সংকেত দিলেই ২০২৫ সালে সেই দৃশ্যের শুটিং হবে বলে শোনা গেছে।

সূত্রের খবর, ’লাভ অ্যান্ড ওয়ার’ ছবির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে বাদশাকে দেখা যাবে। যেখানে কিং খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন রণবীর কাপুর। এই দৃশ্যে ভিকির উল্লেখ অবশ্য পাওয়া যায়নি। তবে এই জল্পনা সত্যি হলে ‘লাভ অ্যান্ড ওয়ার’ যে কিং ম্যাজিকে ‘গেম চেঞ্জার’ হতে পারে, এমনটাই ভবিষ্যদ্বাণী সিনেমহলের।

ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। আলিয়া ভাটও খুব শিগগির শুটিং শুরু করবেন। সিনেমার পর্দায় সঞ্জয় লীলা বানশালির গল্প বলার ধরণ বরাবরই অনবদ্য।

এযাবৎকাল বহু মাস্টারপিস উপহার দিয়েছেন দর্শকদের। এবারের জল্পনা সত্যি হলে ২২ বছর পর পরিচালকের ফ্রেমে দেখা যাবে শাহরুখ খানকে। এবার দেখার বিষয় আলিয়া, ভিকি, রণবীরের ত্রিকোণ প্রেমের গল্প ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ কিং ম্যাজিক কি আদৌ সত্যি হবে? –ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর